হোটেল-রেস্তোরাঁর সকালের নাশতায় পরোটা বা নানের সঙ্গে চিকেন স্যুপ অনেকেরই বেশ পছন্দ। ঘন, মশলাদার ও সুগন্ধি এই স্যুপের স্বাদ বাড়িতে পেতে চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। মুরগির মাংসের সঙ্গে দুধ, পাউরুটি ও নানা মশলার মিশেলে তৈরি এই চিকেন স্যুপ পরিবেশন করতে পারেন পরোটা, নান কিংবা ভাতের সঙ্গেও।
উপকরণ
এর জন্য লাগবে এক বাটি পরিমাণ ছোট টুকরো করা মুরগির মাংস, তিন স্লাইস পাউরুটি, দুই কাপ দুধ, পরিমাণমতো তেল, অল্প পরিমাণ গোটা গরম মশলা, একটি তেজপাতা, আধা কাপ পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, তিন টেবিল চামচ টক দই, স্বাদমতো লবণ, ১০ থেকে ১২টি কাঁচা মরিচ, দুই টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দুই টেবিল চামচ জিরা গুঁড়া, এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া, ১০ থেকে ১২টি সাদা গোলমরিচ গুঁড়া এবং অল্প পরিমাণ চিনি। শেষে দেওয়ার জন্য লাগবে সামান্য পেঁয়াজ বেরেস্তা ও এক টেবিল চামচ ঘি।
প্রণালি
প্রথমে পাউরুটির স্লাইসগুলো ছোট ছোট টুকরো করে নিন। এর সঙ্গে দুই কাপ দুধ দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি এক পাশে রেখে এবার চিকেন রান্না শুরু করুন।
একটি কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট নেড়ে ভাজুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে আরও দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিন।
এবার এতে ধুয়ে রাখা ছোট টুকরো করা মুরগির মাংস দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে চার থেকে পাঁচ মিনিট নেড়ে রান্না করুন। এরপর ছয় থেকে সাতটি কাঁচা মরিচ ও স্বাদমতো লবণ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন।
এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা ভালোভাবে মিশে গেলে পরিমাণমতো পানি ও অল্প চিনি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় ১৫ মিনিট রান্না করুন।
১৫ মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে তৈরি করে রাখা পাউরুটি ও দুধের মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন। সঙ্গে আরও ছয় থেকে সাতটি কাঁচা মরিচ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে আরও ১৫ মিনিট রান্না করুন, যাতে চিকেন ভালোভাবে সেদ্ধ হয় এবং স্যুপ ঘন হয়ে আসে।
সবশেষে সাদা গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা, সামান্য চিনি ও এক টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেলো ঘরেই হোটেল-স্টাইলে মজাদার চিকেন স্যুপ। গরম গরম এই স্যুপ পরিবেশন করুন পরোটা, নান, সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে।