শরতের ফ্যাশনে লেদার জ্যাকেটের জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে স্টাইলিশ এই পোশাকটি পরতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কারণ লেদার জ্যাকেটের নিজস্ব গঠন, ভারী ভাব ও শক্ত টেক্সচার এতটাই নজরকাড়া যে অনেক সময় পরিধানকারীর ব্যক্তিত্বের চেয়ে জ্যাকেটই বেশি চোখে পড়ে। তাই জ্যাকেট বেছে নেওয়ার পাশাপাশি কীভাবে পরছেন, সেদিকেও নজর দেওয়া জরুরি।
এই মৌসুমে বিশেষ করে ফানেল-নেক লেদার জ্যাকেট বেশ নজর কাড়ছে। গলার কাছে জিপ বা বোতাম দিয়ে প্রায় চিবুক পর্যন্ত বন্ধ করা যায়, এমন কিছুটা ঢিলেঢালা কাটের জ্যাকেট এখন ফ্যাশনে বেশ জনপ্রিয়। ডিজাইনার ফোবি ফিলো ২০২৩ সালে নিজের ব্র্যান্ডের প্রথম সংগ্রহে এ ধরনের উঁচু গলার আউটারওয়্যারকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এরপর ধীরে ধীরে এই নকশা বিভিন্ন ব্র্যান্ডের সংগ্রহেও জায়গা করে নেয়।
গলার নকশায় নজর দিন
বাইকার জ্যাকেটের তুলনায় ফানেল-নেক লেদার জ্যাকেট দেখতে অনেক বেশি পরিশীলিত। উঁচু গলার নকশা মুখের দিকে একটি লম্বা রেখা তৈরি করে, যা পুরো সাজে আনে ছিমছাম ভাব। তাই খুব রুক্ষ বা কড়া লুকের বদলে মার্জিত স্টাইল চাইলে এই ধরনের জ্যাকেট বেছে নিতে পারেন।
খুব আঁটসাঁট জ্যাকেট নয়
লেদার জ্যাকেটের ক্ষেত্রে শরীরের সঙ্গে একেবারে লেগে থাকা কাট সবসময় ভালো দেখায় না। বরং কিছুটা ঢিলেঢালা ও স্বচ্ছন্দ কাটের জ্যাকেট দেখতে বেশি আভিজাত্যপূর্ণ লাগে। শরীর ও জ্যাকেটের মধ্যে সামান্য ফাঁকা জায়গা থাকলে পোশাকটি আরামদায়কও হয়, দেখতেও স্বাভাবিক লাগে।
চুলের স্টাইলও গুরুত্বপূর্ণ
জ্যাকেটের সঙ্গে চুল কীভাবে রাখছেন, সেটিও পুরো সাজের ওপর প্রভাব ফেলে। লম্বা চুল খোলা রাখলে অনেক সময় ভারী জ্যাকেটের পাশে তা খুব পাতলা দেখাতে পারে। চুল কলারের ভেতরে গুঁজে রাখার স্টাইল দেখতে আকর্ষণীয় হলেও সবসময় স্বস্তিদায়ক নয়। তাই পনিটেল কিংবা হালকা এলোমেলো খোঁপা হতে পারে সহজ ও নিরাপদ পছন্দ।
নিচের পোশাকে রাখুন ভারসাম্য
লেদার জ্যাকেটের সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত লেদারের পোশাক পরার প্রয়োজন নেই। লেদার স্কার্ট বা প্যান্টের সঙ্গে জ্যাকেট পরলে পুরো সাজ অতিরিক্ত ভারী হয়ে যেতে পারে। জিনসও খুব পরিচিত সমন্বয় হলেও এতে সাজে কিছুটা রুক্ষ ভাব আসে। তার বদলে নরম কাপড়ের স্কার্ট বা ঢিলেঢালা প্যান্ট বেছে নিলে লেদার জ্যাকেটের শক্ত গঠনের সঙ্গে পোশাকের ভারসাম্য তৈরি হবে।
কালোর বাইরে ভাবুন
লেদার জ্যাকেট মানেই কালো এমন ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন। বারগান্ডি, চকোলেট বা এ ধরনের তুলনামূলক নরম রঙের জ্যাকেটও বেশির ভাগ পোশাকের সঙ্গে সহজে মানিয়ে যায়। হালকা বা নরম রং বেছে নিলে জ্যাকেটের ভারী উপস্থিতিও কিছুটা কম মনে হয়।
জ্যাকেটকে নিজের মতো করে পরুন
সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেদার জ্যাকেটের নিজস্ব স্টাইল যেন আপনার ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ না করে। এর সঙ্গে ভারী বুট বা খুব কড়া সাজ পরতেই হবে, এমন কোনও নিয়ম নেই। স্ট্রাইপের সোয়েটার, নরম প্যান্ট কিংবা সাধারণ স্কার্টের সঙ্গেও লেদার জ্যাকেট পরা যায়। পোশাকের নিজস্ব দাপট থাকবে, তবে সাজে শেষ কথা বলবে আপনার ব্যক্তিত্ব ও স্বাচ্ছন্দ্য।
সূত্র: দ্যা গার্ডিয়ান