প্রতি বছর ১১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুর অধিকার, সম্ভাবনা এবং বেড়ে ওঠার পথে নানা প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ দিবসের মূল লক্ষ্য। শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মেয়েদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এবং নেতৃত্বের সুযোগ তৈরির বিষয়টিও দিবসটিতে গুরুত্ব পায়।
বিশ্বের অনেক কন্যাশিশু এখনও সামাজিক বাধা, লিঙ্গবৈষম্য, বাল্যবিয়ে ও সহিংসতার শিকার হয়। এসব প্রতিবন্ধকতা তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যৎ গঠনের পথে বাধা সৃষ্টি করে। ফলে অনেক মেয়ে নিজেদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়। কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে এসব বাধা দূর করা জরুরি।
কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা নিজেদের সম্ভাবনা কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষায় মেয়েদের সমান সুযোগ তৈরি করাও প্রয়োজন। কন্যাশিশুর ক্ষমতায়ন দারিদ্র্য কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সহায়তা করতে পারে।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের ইতিহাসও বেশ তাৎপর্যপূর্ণ। ২০১১ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটি প্রতিষ্ঠা করে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। সংস্থাটির ‘কারণ আমি একজন মেয়ে’ শীর্ষক বৈশ্বিক প্রচারণা বিশ্বজুড়ে মেয়েদের অধিকার ও প্রয়োজন সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে। ওই বছরের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ৬৬/১৭০ নম্বর প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে।
এর আগে ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব নারী সম্মেলনে গৃহীত বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা নারী ও কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার বৈশ্বিক প্রচেষ্টাকে আরও এগিয়ে নেয়। এই উদ্যোগগুলো লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং মেয়েদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।
যেভাবে উদ্যাপন করবেন দিবসটি
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হতে পারে আনন্দের পাশাপাশি সচেতনতা তৈরিরও উপলক্ষ। এদিন মেয়েদের সাহস, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরে এমন চলচ্চিত্র দেখা যেতে পারে, যা তাদের নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা কিংবা সামাজিক পরিবর্তনে নারীদের অবদানের গল্পও ছড়িয়ে দেওয়া যায়।
মালালা ইউসুফজাইয়ের মতো অধিকারকর্মীদের জীবন ও সংগ্রাম সম্পর্কে জানা এবং অন্যদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমেও দিবসটির তাৎপর্য তুলে ধরা সম্ভব। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাশিশুর শিক্ষা, অধিকার ও সমান সুযোগের গুরুত্ব তুলে ধরে ছবি, ভিডিও কিংবা সচেতনতামূলক বার্তা প্রকাশ করা যেতে পারে।
কন্যাশিশুর অধিকার ও ক্ষমতায়ন নিয়ে আয়োজিত অনলাইন আলোচনা সভা বা ওয়েবিনারে অংশ নেওয়াও হতে পারে দিবসটি পালনের একটি উপায়। এসব আয়োজনে বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের অভিজ্ঞতা থেকে জানা যায় মেয়েদের উন্নয়নে কী ধরনের উদ্যোগ প্রয়োজন।
এ ছাড়া কন্যাশিশুর শিক্ষা ও অধিকার নিয়ে কাজ করা সংগঠনকে সহায়তা করা, শিক্ষা উপকরণ বিতরণ কিংবা সুবিধাবঞ্চিত মেয়েদের পড়াশোনায় সহযোগিতা করার মাধ্যমেও দিবসটি অর্থবহ করে তোলা যায়।
কন্যাশিশুর অধিকার ও সম্ভাবনা বিকাশ শুধু একটি দিনের বিষয় নয়। প্রতিটি মেয়ের স্বপ্ন পূরণের পথ সুগম করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এমন পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনও মেয়ে বৈষম্য, ভয় কিংবা বাধার মুখে না পড়ে নিজের যোগ্যতা ও মেধার বিকাশ ঘটাতে পারে।