বাঙালির দুপুরের পাতে গরম ভাত আর মাছের ঝোল থাকলে খাওয়াদাওয়া যেন জমে যায়। আর মাছের মাথা দিয়ে রান্না হলে স্বাদ হয় দ্বিগুন। টমেটোর টক-মিষ্টি স্বাদে মাছের মাথার ঝোল যেমন মুখরোচক, তেমনই পাওয়া যায় চেনা বাঙালি খাবারের স্বাদ। প্রতিদিনের রান্নায় একটু বৈচিত্র্য আনতে চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন এই পদ। রইল মাছের মাথা দিয়ে টমেটোর ঝোল তৈরির সহজ রেসিপি।
মাছের মাথা দিয়ে টমেটোর ঝোল
রান্নাটি তৈরি করতে লাগবে মাছের মাথা দুই টুকরা, দুটি টমেটো, আধা কাপ পেঁয়াজ কুচি, এক চা চামচ রসুন বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, তিন টেবিল চামচ সরিষার তেল, চার-পাঁচটি কাঁচামরিচ ও পরিমাণমতো ধনেপাতা কুচি।
প্রথমে মাছের মাথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর সামান্য হলুদ ও লবণ মাখিয়ে গরম সরিষার তেলে মাছের মাথা দুই পাশ থেকে ভালোভাবে ভেজে তুলে রাখুন। এবার একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এতে রসুন বাটা, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে অল্প পানি ছিটিয়ে ভালো করে কষিয়ে নিন।
এরপর টমেটো কুচি দিয়ে রান্না করুন, যতক্ষণ না টমেটো নরম হয়ে মশলার সঙ্গে মিশে যায়। এবার স্বাদমতো লবণ ও প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ঝোল তৈরি করুন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছের মাথা ও কাঁচামরিচ দিয়ে দিন। মাঝারি আঁচে পাঁচ থেকে সাত মিনিট রান্না করুন, যাতে মাছের মাথার স্বাদ ঝোলে মিশে যায়। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাছের মাথা দিয়ে টমেটোর ঝোল।
রান্নার ছোট্ট টিপস
মাছের মাথা ভালোভাবে ভেজে নিলে ঝোলের স্বাদ ও সুবাস বাড়ে। তবে বেশি ভাজলে মাছের মাথা শক্ত হয়ে যেতে পারে, তাই মাঝারি আঁচে সময় নিয়ে ভাজুন। রান্নার সময় মাছের মাথা নাড়াচাড়া করার ক্ষেত্রেও সতর্ক থাকুন, যাতে টুকরোগুলি ভেঙে না যায়। আর টমেটোর ঝোলে টমেটো ভালোভাবে নরম করে কষিয়ে নিলে ঝোলের স্বাদ আরও সুন্দর হবে।