মাছের গন্ধে লেগে আছে মায়ের ঘ্রাণ
মা নেই; মাছই তবে মায়ের প্রতিনিধি?
আমরা ন’ ভাইবোন মাছ ধরতাম; মাছ কুটতাম
চুলায় মা রান্না করত লাল চালের ভাত, পালং শাক
আর সব শেষে শিং মাছের ঝোল
গোসল শেষ হলেই মা করত পাতের জোগাড়
তার চুল আর ত্বক থেকে ছড়িয়ে পড়ত মিষ্টি ঘ্রাণ
আমরা সব ভাইবোন মায়ের গন্ধে খাবারের গন্ধে আকুল
অনেক বছর পরে রান্নাঘরে মাছের গন্ধে মা ফিরে আসে
পালং শাকের পাতায় ফুটে আছে মায়ের জোড়া চোখ
খাবারের পাতে ত্বক ও চুলের ঘ্রাণ; মা তবে এসবেরই প্রতিনিধি?









