'বানানো সব আবেগ-অনুরাগ, দুঃখ-টুঃখ নিয়ে আছো,
জানো কত লোক মরেছে ঘূর্ণিঝড়ে,
সন্ত্রাসী হামলা, যুদ্ধ, অনাহারী শিশু...'
তোমার দুচোখে জ্বলজ্বল করছে ভালোবাসা,
আমিও এক তাপিত, দুঃখী, কতদিনের বুভুক্ষু,
চোখ নাচে তোমার, একজোড়া ছটফটে চড়ুই, জিজ্ঞাসায়,
মৃদুস্বরে বলি,
'সেদিন বৃষ্টি ছিলো খুব, ধোঁয়াটে আকাশ
ছাতা ছিলো মাথায় তবু এলোপাথাড়ি হাওয়া
ভিজছিলাম খুব, দুজনেই, মনে আছে?'
অমনি তোমার চোখ হয়ে উঠলো বৃষ্টিগাঢ় আকাশ, ছলছলে,
কতদিন! কতদিন আগে!
ভেজা ঘাসে পা ফেলে পাশাপাশি হাঁটছি, নিঃশ্বাসে শীতল জলকণা,
কখনো তুমি আমাকে ফেলে এগিয়ে যাচ্ছো কখনো আমি তোমাকে,
ঐ ইঁদুরদৌড়ে নিজেরাই নিজের চারপাশে বুনেছি রেশমগুটি,
কেটে আর বেরোতে পারি না...
তোমার চোখ এখন শ্রাবণের জলধারা,
'দেখো, যারা মানুষ মারে, তাদের কি হৃদয় নেই!'
আমি জপছি: হৃদয়! হৃদয়! কাজ কী তার?
রেশমপোকাদের হৃদয়হীন সোনালী খোলস,
জেগে থাকে সমুদ্র কারো বুকে;
হৃদয় বদলে পানির নোনা...লোনা পানি...









