বাংলাদেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদ নিয়ে শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
আজ ২১ জুলাই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শাবি শিক্ষক সমিতি আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মসূচির সমাবেশে তিনি একথা বলেন।
বাংলাদেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় উল্লেখ করে অধ্যাপক জাফর ইকবাল বলেন, যারা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে তারা নিজেরাই ভালো করে জানে যে তারা কিছুই করতে পারবে না। তারা কেবল বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মান নষ্ট করছে। এ বিষয়ে তিনি সকলকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ না হওয়ার কথা বলেন।
আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশের আয়োজন করে। এ সময় শিক্ষকদের পাশাপাশি দুই শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিবুল আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক সাজেদুল করিম, অধ্যাপক রাশেদ তালুকদার, অধ্যাপক মো. ইউনুস, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক তাজ উদ্দিন ও অধ্যাপক মস্তাবুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক কালো অধ্যায়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে এ ধরনের ন্যাক্করজনক ঘটনা কখনোই ঘটেনি। ভবিষ্যতে যাতে বাংলাদেশে এ ধরনের ঘটনার প্রসার না ঘটে সেজন্য পরিবার, সমাজ তথা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।
হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশের আগে এক মিনিট নিরবতা পালন করা হয়।
/এনএ/








