২০১৩ সালের ২৭ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ(ইউল্যাব)-এর ক্যাম্পাসভিত্তিক টেলিভিশন চ্যানেল ইউল্যাব টিভি। ইউল্যাব শিক্ষার্থীদের হাতেকলমে সাংবাদিকতা শিক্ষা এবং দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ। ৩ বছর পেরিয়ে চতুর্থ বছরে পা রাখলো দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক এই টিভি চ্যানেল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির ইনভেস্টিগেশন হেড মনজুরুল করিম এবং বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনের নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা সম্পাদক এ.এইচ.এম বজলুর রহমান। মনজুরুল করিম ভবিষ্যতে নিজের সহকর্মী হিসেবে ইউল্যাব টিভির সদস্যদের দেখার আশা প্রকাশ করেন। বজলুর রহমান বাংলাদেশের কমিউনিটি টিভির গুরুত্ব তুলে ধরেন এবং তিনি ভবিষ্যতে ইউল্যাব টিভিকে কমিউনিটির খবর প্রচারের ভূমিকা রাখার আহবান জানান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ব্রায়ান সুস্মিথ,উপ-উপাচার্য প্রফেসর এইচ. এম জহিরুল হক, রেজিস্ট্রার লে.কর্নেল(অবঃ)ফয়জুল ইসলাম, বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো এবং শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শেষে ইউল্যাব টিভির নিয়মিত অনুষ্ঠান কমেডি স্টুডিও ও ইউল্যাব একসটিকা সেশন মঞ্চে এসে সরাসরি তাদের প্রোগ্রাম পরিবেশনা করে। এছাড়া ইউল্যাব টিভির নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে টিভির বিগত বছরের কর্মকাণ্ড ও পুরোনো সদস্যদের অভিজ্ঞতা সম্পর্কে জানা যায়।
উল্লেখ্য, ইউল্যাব টিভিতে সংবাদ এবং অনুষ্ঠান এই দুই বিভাগেই কাজ হয়ে থাকে। সংবাদ বিভাগটিতে ক্যাম্পাস বিষয়ক খবরের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ নিয়েও থাকে প্রতিবেদন। প্রাইম নিউজের পাশাপাশি রয়েছে ন্যাশনাল টাইম এবং ইন্টারন্যাশনাল টাইম নামে আরও দুটি নিউজ বুলেটিন। খেলাধুলা, বিনোদন বিষয়ক সংবাদও তৈরি করে থাকেন শিক্ষার্থীরা। প্রতি সেমিস্টারেই অনুষ্ঠিত হয় টিভি রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, ভিডিও এডিটিং, সংবাদ উপস্থাপনা, ডিজিটাল সিনেমাটোগ্রাফি, শব্দ সম্পাদনাসহ বিভিন্ন কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করেন দেশের স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠানের অভিজ্ঞ এবং দক্ষ গণমাধ্যমকর্মীরা। বর্তমানে এর উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিভাগের শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং ড. বারবাক কারমাল।
/এনএ/








