রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এসইউবিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে শিক্ষার্থীদের। তল্লাশি চালানো হচ্ছে সঙ্গে থাকা ব্যাগে। বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা।
এছাড়া, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, এসইউবি’র ধানমন্ডি ২৭ নাম্বারে অবস্থিত প্রধান ক্যাম্পাসে ১৬টি এবং কলাবাগানের বিজয় ক্যাম্পাসে ২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
প্রবেশ পথে ঢুকতেই শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। মেটাল ডিটেক্টরের মাধ্যমে শরীর তল্লাশিও করা হচ্ছে। এছাড়া, পরিচয়পত্র ছাড়া কোনও শিক্ষার্থীকেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বিশ্ববিদ্যালয়টির দুই ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ ওআই এম ইকরাম-উদ-দৌলা বলেন, জঙ্গিবাদ দমনে গার্ডসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
ক্যাম্পাসে কোনও ধরনের অরাজকতা যেন সৃষ্টি না হয় সে লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
/এফএএন/








