‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না’ স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) বিক্ষোভ মিছিল করেছে শাবির প্রগতিশীল ছাত্রজোট। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের কোল ঘেঁষে রামপাল বিদ্যুকেন্দ্র প্রকল্প বন্ধের দাবি জানান তারা।
সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অজুর্নতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা ‘রামপাল চুক্তি ছুড়ে ফেলো, সুন্দরবন রক্ষা করো’, ‘সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দিব না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
পরে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি অপু বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিল ও তেল, গ্যাস জাতীয় কমিটির ৭ দফা দাবিতে গত ২৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা করে। এমনকি টিয়ার সেলের আঘাতে বাসদ কর্মী মুক্তা বারৈ, সুলতানা আক্তার, আলামিন মৃধাসহ জাতীয় কমিটির ৫০ জনের অধিক নেতা-কর্মী আহত হন। এছাড়া পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
সমাবেশে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এছাড়া পুলিশী হামলার ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
/এফএএন/








