দেশের বিভিন্ন জায়গায় খাবার পানির সংকট চলছে। ভবিষ্যতে এ সমস্যা আরও প্রকট হতে পারে। তাই পানি সংকট মোকাবেলায় বৃষ্টির পানি হতে পারে যথার্থ বিকল্প উপায়। ১১ আগস্ট রাজধানীর কলাবাগানের স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর বিজয় ক্যাম্পাসে ‘রেইন ওয়াটার হার্ভেস্টিং’- শীর্ষক সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্র্যাকটিকাল অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান এসব কথা বলেন। এসইউবি’র আর্কিটেকচার বিভাগ ও নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাবের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
হাসিন জাহান বলেন, "শহরাঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর বিপজ্জনক হারে নিচে নেমে যাচ্ছে। ফলে সুপেয় পানির সংকট ক্রমেই আরও বেশি দেখা দেবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখতে বৃষ্টির পানি বিরাট ভূমিকা রাখতে পারে।"
তিনি মনে করেন, বর্তমানে পানির সমস্যা সমাধানে জাতীয় পর্যায়ে সমন্বিত পদ্ধতিতে পানির ব্যবস্থাপনা খুবই জরুরি। টেকসই সমাধানের জন্য আমাদের পরিবেশের সাথে মানানসই পানি ব্যবস্থাপনা পদ্ধতি খুঁজে বের করতে হবে। বৃষ্টির পানি যথাযথভাবে সংরক্ষণ করা গেলে তা থেকেই সুপেয় পানির ব্যবস্থা করা যেতে পারে।
সেমিনারে বৃষ্টির পানির বহুবিধ ব্যবহার, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সামাজিক ও কারিগরি বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন এসইউবি’র উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা, ট্রেজারার মেজর জেনারেল (অব.) ডা. এম শাহজাহান, স্যায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর শামসুল ওয়ারেস, আর্কিটেকচার বিভাগের প্রধান অ্যাসিস্টেন্ট প্রফেসর সাজ্জাদ উর রশিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাকারিয়া বিন রাজ্জাক, লেকচারার মিজানুর রহমান প্রমুখ।
/এনএ/








