জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের প্রতিদান দিতে হলে দেশকে তার স্বপ্ন অনুযায়ী গড়ে তুলতে হবে। তার অসমাপ্ত কাজগুলো বাস্তয়নই হতে পারে তাকে প্রকৃত ভালোবাসার শ্রেষ্ঠ উপহার। তা ছাড়া স্নাতক পর্যায়ে তার অসমাপ্ত আত্মজীবনীটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা সময়ের দাবিতে হয়ে ওঠেছে।
রবিবার রাজধানীর ধানমন্ডিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
এসইউবি’র উপাচার্য প্রফেসর ইফতেখার গণি চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন রেজিস্ট্রার প্রফেসর এ ওয়াই এম একরাম উদ-দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এসইউবি’র উপদেষ্টা প্রফেসর এস এম ফায়েজ, ট্রেজারার মেজর জেনারেল (অব.) শাহজাহান, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর এ কে এম লুৎফুজ্জামান, বিজনেস বিভাগের প্রধান প্রফেসর মেজর জেনারেল (অব.) কামরুজ্জামান, আর্কিটেকচার বিভাগের প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর সাজ্জাদুর রশিদ ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ফারুক আহমাদ আরিফ প্রমুখ।
উপাচার্য প্রফেসর ইফতেখার গণি চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রতি যে প্রেম-ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন তার ফলেই তিনি জাতির পিতা হতে পেরেছেন। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতিকে নির্মূলের করার কূটকৌশল অবলম্বন করা হয়েছিল। সেই দুর্বৃত্তরা এখনো স্বকীয়। তারা দেশ ও জাতির ইতিহাস বিকৃত করতে সব সময় অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে।
/এফএএন/








