সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার। কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে এ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. গোলাম শাহী আলম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনজেনটার মানব সম্পদ বিভাগের প্রধান আমিনুল ইসলাম, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী।
আটটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এ মেলায়। এগুলো হলো, সিনজেনটা বাংলাদেশ লিমিটিড, ব্র্যাক, নাফকো গ্রুপ, কৃষিবিদ সিড লিমিটেড, সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড, ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কোয়ালিটি ফিড লিমিটেড, এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মেলা উপলক্ষে ক্যাম্পাস সেজেছে রঙ্গীন সাজে। প্রশাসন ভবন প্রাঙ্গনে বসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন। সেখানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকরা সিভি জমা দিয়ে চাকুরির ভাইবা দিতে পারছেন।
কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের স্নাতকপর্যায়ের ছাত্র নিলয় ঘোষ উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাট্রিবিউনকে জানান, ‘ক্যাম্পাসে এমন একটা চাকুরী মেলা অনুষ্ঠিত হওয়ায় আমরা সত্যিই আনন্দিতবোধ করছি। স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীরা খুব সহজেই ভাইবা দিয়ে চাকরি পেতে পারছেন। ধারাবাহিকতা বজায় থাকলে এমন সুযোগ আমাদেরও আসবে। এবং প্রতিটি অনুষদই আগামীতে এমন আয়োজন করবে’।
বৃহস্পতিবার বিকেলে ব্র্যাক এর মানবসম্পদ বিভাগের পৃষ্ঠপোষকতায় সিকৃবি মিলনায়তনে মেলা উপলক্ষে পরিচর্যা অধিবেশন বা গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়।
/এফএএন/








