‘ছাত্রজীবনই জীবনের মধুরতম সময়’- এমন বিষয়কে নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে রম্য বিতর্ক হয়ে গেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সংঘের আয়োজনে। ৬ নভেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২ দিনব্যাপী সাংস্কৃতিক সপ্তাহের অংশ হিসেবে রম্য বিতর্কের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর।
বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিতর্কের মডারেটর ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম.এ সাত্তার মণ্ডল। বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড.মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম এবং অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান।
বির্তকের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক এবং বিপক্ষে ৫ শিক্ষার্থী বক্তব্য রাখেন। পক্ষের বক্তারা ছাত্রজীবনের সুখের স্মৃতিগুলো তুলে ধরেন যা শিক্ষকজীবন বা কর্মজীবনে তারা করতে পারেন না। অপর পক্ষ ছাত্রজীবনে ক্লাস-পরীক্ষা, অ্যাসাইমেন্ট, প্র্যাকটিক্যালসহ অন্যান্য দায়িত্বের কথা উল্লেখ করে ছাত্রজীবন যে মধুময় নয়, তার স্বপক্ষে যুক্তি দাঁড় করান। লড়াই শেষে বিচারকদের নম্বরে বিপক্ষ দল ১ ভোটে এগিয়ে থাকলেও মডারেটর নিজের ভোট পক্ষ দলকে দিয়ে ২ দলকেই বিজয়ী বলে ঘোষণা করেন।
এ সময় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এস.ডি. চৌধুরী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রম্য বির্তক প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যান্ড দল পারসিয়াস এর পরিবেশনায় কনসার্ট অনুষ্ঠিত হয়।
/এনএ/








