শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসের পথশিশু, দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ এর সামনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন শুরু হয়। শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘লুথা সেভেন’ এ কর্মসূচির আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতা করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের রক্তদানমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’ সহ বেশ কয়েকজন ডাক্তার।
পরে দুপুর ২ টায় পথশিশু, দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. মুহসীন আজীজ খান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা, সংগঠনের আহ্বায়ক আনিস মোল্লা, সদস্য নাসির হোসেন এবং আরিফ প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক আনিস মোল্লা জানান, ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশের প্রায় দুই শতাধিক পথশিশু, দুঃস্থ ও অসহায় মানুষকে ফ্রি মেডিক্যাল সার্ভিস দেওয়া হয়েছে। সংগঠনের সদস্যদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
/এফএএন/








