জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং’ প্রতিযোগিতা ২০১৭ এর প্রথম দিনে ময়মনসিংহ আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘জানুক সবাই দেখাও তুমি’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতার যাচাই করতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির খুদে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রায় ১০০-১৫০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আইসিটি কুইজ প্রতিযোগিতা ও প্রোগ্রামিং প্রতিযোগিতা এই দুই ক্যাটাগরির পরীক্ষায় কুইজে ৬০ জন এবং প্রোগ্রামিং এ ১০ জন বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পুরষ্কার বিতরনী পর্বের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এম এম শামসুর রহমান।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ এম এম শামসুর রহমান উপস্থিত ছিলেন।
আগামী ৭ এপ্রিল ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। প্রোগ্রামিংয়ের পাশাপাশি এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কুইজ প্রতিযোগিতাও থাকছে। বাংলাদেশে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে বিডিএসএন।
/এমডিপি/








