জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম উকরা সিং মারমা (১৯)। তিনি এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। রবিবার সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের চার তলার বারান্দা থেকে সে লাফ দেয়। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন। লাফ দেয়ার কারণ উদঘাটন করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর কামরুন হাসান জানান, মেয়েটির আত্মহত্যার কোনও কারণ এখনও জানা যায়নি। এ বিষয় তদন্ত চলছে। তবে প্রেম-ভালোবাসা বিষয়ক কোনও সংকট থেকেই উকরা আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর বলেন, লাফ দেওয়ার পর তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য সাথে সাথে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, মেয়েটিকে যখন হাসপাতালে আনা হয় তখন সে আহত ছিল। তার বাম হাতের কব্জি এবং পেছনের মেরুদণ্ডের হাড়সহ শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানের হাড় ভেঙে গিয়েছিল। মাথায়ও গুরুতর আঘাত ছিল। চিকিৎসা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে সে মারা যায়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর কে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
উকরার বন্ধুরা জানান, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের একটা মেসে থাকতেন উকরা। নিজেকে নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারছিলেন না বলে দাবি করেন তার বন্ধুরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরু থেকেই তাকে বিষণ্নতায় ভুগতে দেখেছেন তার সহপাঠীরা। কিন্তু হঠাৎ তার অস্বাভাবিকভাবে লাফিয়ে পড়ার সঠিক কারণ আমরা ঠিক বলতে পারছি না।
/এফএএন/








