পহেলা বৈশাখ উপলক্ষে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন কেন্দ্রীয়ভাবে দুই দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ৯টি বিভাগ সম্মিলিতভাবে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপনে এই উদ্যোগ হাতে নিয়েছে। অনুষদের এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।
এই আয়োজনের অংশ হিসেবে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শহীদ মিনার চত্ত্বরে ঘুড়ি ওড়ানো উৎসব অনুষ্ঠিত হবে। এরপর বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনার চত্বরে ব্যাঙের পানচিনি ও পুরাতন কলা ভবনের পাশের পুকুরে ভেলায় ভাসান। সন্ধ্যা সাড়ে ৬টায় নতুন ও পুরাতন কলা ভবনে প্রদীপ প্রজ্বালন ও ভাসান এবং সন্ধ্যা ৭টায় শহীদ মিনার চত্বরে ফানুস ওড়ানো উৎসব অনুষ্ঠিত হবে।
আগামীকাল শুক্রবার ভোর ৫টা ৪৩ মিনিটে শহীদ মিনার চত্বরে সম্মিলিত আগমনী সংগীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখের কর্মসূচি শুরু হবে। এরপর সাড়ে ৯টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে শিক্ষক-শিক্ষার্থীরা। এবারের প্রতিপাদ্য ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’।
সকাল সাড়ে ১০টায় পুরাতন কলাভবনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অনুষ্ঠান এবং সকাল ১১ টায় নতুন কলাভবনে বাংলা বিভাগের অনুষ্ঠান রয়েছে। শহীদ মিনার চত্বরে দুপুর আড়াইটায় লৌকিক খেলাধুলা ও পুতুল নাচ, বিকেল ৪টায় বিভিন্ন বিভাগের সম্মিলিত অনুষ্ঠান, সাড়ে ৬টায় শাওন চৌধুরীর গান এবং সন্ধ্যা ৭টায় কাঙ্গালিনী সুফিয়ার সংগীত পরিবেশনা করবেন।
রাত ৮টায় শহীদ মিনার চত্বরে গ্রাম বাংলা নাট্য সংস্থার যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
/এমডিপি/








