নানান কর্মসূচি উদযাপনের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ এপ্রিল সকাল ১০টায় একাডেমিক ভবনের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, নির্দেশনা পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রশাসনিক ভবনে অবস্থিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। এছাড়া কৃষি অনুষদের সেমিনার কক্ষে ঐতিহাসিক মুজিবনগর এবং ‘বাংলাদেশ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের গান, রচনা ও কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই অংশগ্রহণ করেন।
/এফএএন/








