নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শেষ হলো মাইক্রোসফট এক্সেল কেন্দ্রিক প্রতিযোগিতা এক্সেলসিয়র। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আতিকুল ইসলাম। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়। আর এ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর জি ইউ আহসান উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় প্রথম হয়ে ইনজামাম ওয়াদুদ দিহান পেয়েছেন ২০ হাজার টাকা মূল্যের প্রাইজমানি। প্রথম রানার্সআপ হয়ে ইশমাম ইশতিয়াক পেয়েছেন ১০ হাজার টাকা মূল্যের প্রাইজমানি এবং দ্বিতীয় রানার্সআপ হয়ে তানজিম আহমেদ আকাশ পেয়েছেন ৫ হাজার টাকা মূল্যের প্রাইজমানি।
এবারের আসরের মূল লক্ষ্য ছিলো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাইক্রোসফট এক্সেলের ব্যবহারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করা।‘শেখা,প্রয়োগ,এক্সেল’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২৪ মার্চ শুরু হয়েছিল প্রতিযোগিতার প্রথম রাউন্ড। যেখানে অংশ নিয়েছিল ২০০ প্রতিযোগী। দুই রাউন্ড ভিত্তিক এই প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড ২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর দ্বিতীয় রাউন্ডের ফলাফলের ওপর ভিত্তি করেই এবারের আসরের প্রথম ৩ জন বিজয়ী নির্ধারণ করা হয়।
/এমডিপি/








