শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগে ফিল্ড ওয়ার্কের পূর্ব প্রস্তুতির উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ মে রবিবার থেকে দুই মাসব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ১১টায় একাডেমিক বিল্ডিং ‘ডি’র একটি কক্ষে সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালাটির আয়োজন করে বিভাগটি।
সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. তুলসি কুমার দাস, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক ড. নিয়াজ আহমদ, অধ্যাপক মোহাম্মাদ মোয়াজ্জেম হোসাইন প্রমুখ। এছাড়া কর্মশালায় সরকারি ও বেসরকারি ১৩টি সংস্থার সিলেট অফিসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমাজকর্ম বতর্মান সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বলেন, সমাজকর্মের শিক্ষক শিক্ষার্থীগণ সরাসরি সমাজের তৃণমূল পর্যায়ের মানুষের সাথে কাজ করার সুযোগ পায়।
বিভিন্ন সংস্থার সাথে যখন শিক্ষার্থীরা কাজ করবে তখন তারা অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য আলাদা বিএসডব্লিও ও এমএসডব্লিও ডিগ্রি প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় চেষ্টা করবে। সেই সাথে তিনি সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেন।
কর্মশালাটি পরিচালনা করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী ওয়াক্কাস।
/এফএএন/








