ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারের মতো এবারও ক্লাব ফেয়ার শুরু হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের অডিটোরিয়াম ও ক্যাফেটেরিয়ায় তিনদিন ব্যাপী এ ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়। ‘গ্রুভ টু সামার’ এই স্লোগানকে সামনে নিয়ে ইউনিভার্সিটির ইকোনমিকস ক্লাব এ ফেয়ারের আয়োজন করে।
এবারের ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ইন্সটিটিউশনাল ইফেক্টিভনেস এর পরিচালক ড. আনসার আহমেদ। এ সময় ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কো-কারিকুলার এক্টিভিটিস এর পরিচালক আইভান শাফাত বারী এবং ইকোনমিকস ক্লাব এর উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ফারজানা মুনশী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ড.আনসার বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি সব সময় শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি একজন ভাল ও দক্ষ মানুষ হওয়ার জন্য উৎসাহ দেয়।’
উদ্বোধনের পর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে শিক্ষার্থীদের ক্লাব সাইনআপ পর্ব। এরপর ২টা ৩০ মিনিটে শুরু হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইকোনমিকস ক্লাবের কার্যক্রম।
আগামীকাল ক্লাব ফেয়ারের দ্বিতীয় দিন ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাব, ব্র্যাক ইউনিভার্সিটি ড্রামা এবং থিয়েটার ফোরাম যথাক্রমে চলচ্চিত্র প্রদর্শনী ও মঞ্চ নাটকের আয়োজন করবে। ক্লাব ফেয়ারের সমাপনী দিনে একটি ফুড ফেস্টিভাল এর আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন জনপ্রিয় রেস্টুরেন্ট এর স্টল থাকবে।
/এমডিপি/








