ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিজনেস স্কুল এর আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ট্রান্সকম ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়গুলোর মধ্যদিয়ে আমরা জাতি হিসেবে গ্লোবাল ভিলেজের অংশ হয়েছি। একই সঙ্গে বিশ্বব্যাপী আমাদের ব্যবসার মানবৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক উদ্যোক্তা দেশে তৈরি হয়েছে। এ কারণে দেশীয় ব্যবসার ক্ষেত্রে বৈশ্বিক উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।’
সেমিনারে তিনি উপস্থিত শিক্ষার্থীদের কোম্পানির ফ্রাঞ্চাইজ পলিসি, গ্রাহক সেবা, ব্যবসায় সুযোগ, সোশ্যাল মিডিয়া এবং আসন্ন বাজেটের প্রভাব সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও সেমিনারে অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউনের হেড অব মার্কেটিং বন্যা মির্জা ও মার্কেটিং বিভাগের শরাফত হোসেন, ব্র্যাক বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক মাহরিন মামুন, বিশ্ববিদ্যালয়ের হেড অব কমিনিউকেশনের সোহেল ইকবাল ও ট্রান্সকম ফুডের মার্কেটিং বিভাগের রওনক জাহান উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষার্থীদের পেশাদারিত্বের মাধ্যমে ভালো নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করেন।
/এমডিপি/








