বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিভাগের অধীনে ‘সার্টিফিকেট ইন অ্যাকটিং’ কোর্সের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির শেওড়াপাড়াস্থ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কোর্সটির আনুষ্ঠানিকতা শুরু হয়। কোর্সটির ক্লাস শুরু হয় ৭ অক্টোবর থেকে।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে চলচিত্র নির্মাতা কাজী হায়াৎ, চিত্রনায়িকা অরুনা বিশ্বাস, সাদিকা পারভীন পপি, শিল্পি চক্রবর্তীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ছবির নায়ক সায়মন সাদিক এবং নাট্য অভিনেতা ও দুদক কর্মকর্তা মনজুর আলমসহ কোর্সে ভর্তি হওয়া প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘এ ধরনের উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্র জগতকে আরও শাণিত করবে।’ এই কোর্স পরিচালনার মাধ্যমে দেশীয় সংস্কৃতি চর্চার আরও প্রসার ঘটবে বলেও তিনি মনে করেন।
এর আগে ১ আগস্ট নির্মাতা জাকির হোসেন রাজু ও গ্রিনের ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া (এফটিডিএম) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফজাল হোসেনের চুক্তিপত্রে স্বাক্ষর করার মধ্য দিয়ে এই কোর্সের ভর্তি শুরু হয়। তিন মাস মেয়াদী এই কোর্সের শুরুতে ‘বেসিক অ্যাকটিং', পরে ‘অ্যাকটিং ইন থিয়েটার, টেলিভিশন ও সিনেমা’ এবং সবশেষে অভিনয়ের ওপর প্র্যাকটিক্যাল কোর্স করানো হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান, অভিনেতা জয়ন্ত চট্টাপাধ্যায়, নির্দেশক ও অভিনেতা গাজী রাকায়েত বিভিন্ন বিষয়ে ক্লাস নেবেন। এছাড়া অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমার সঙ্গে বেশ কয়েকজন অভিনেতা ক্লাসে অভিনয় দেখানোর পাশাপাশি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করবেন।








