ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক মেরামত ও সংস্কারের কাজ শুরু হয়েছে। ১ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী এ সংস্কার কাজ উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, আসন্ন ৪র্থ সমাবর্তনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শোভাবর্ধন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে সড়ক সংস্কার ও মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। প্রথম ধাপে প্রায় আট হাজার ফুট দৈর্ঘ্যের অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তা মেরামত ও সংস্কারকরণের কাজে ঠিকাদার নির্বাচিত হয়েছে সনেক্স ইন্টারন্যাশন্যাল। এ কাজে চুক্তিমূল্য ধরা হয়েছে প্রায় এক কোটি ষোল লক্ষ টাকা। দ্বিতীয় ধাপে তিন হাজার আটশত ফুট দৈর্ঘ্যরে অভ্যন্তরীণ বিভিন্ন রাস্তা উন্নয়নকরণের কাজে ঠিকাদার নির্বাচিত হয়েছেন আতাউর রহমান আতা।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলীমুজ্জামান টুটুল, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক(ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান ও ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনসহ উপস্থিত বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।








