বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন বাবদ মোট ৭ লাখ ৪৩ হাজার ৮৫৩ টাকা ঢাকা আহছানিয়া মিশনের মাধ্যমে ‘রোহিঙ্গা রিফিউজি’ ফান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী শরীফুল আলম এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী রফিকুল আলমের কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম এইচ খান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম মোল্লাসহ অন্যান্য অনুষদের ডিন ও আহছানিয়া মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








