শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ইংরেজিতে উপস্থিত বক্তৃতা বিষয়ক প্রতিযোগিতা ‘স্পিকার্স হান্ট’ অনুষ্ঠিত হয়েছে। ‘এ কনটেস্ট অন এক্সটেম্পর’ স্লোগানে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’।
শনিবার (১১ নভেম্বর) দুপুরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিন জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, সিভিল অ্যান্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বিভাস ভট্টাচার্য্য, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের আব্দুল্লাহ আল রাহি, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের চৌধুরী জুনায়েদ হাসনাইন।
প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে বিচারক হিসেবে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নোমান আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রভাষক আহসান তোহেল, আনন্দনিকেতন স্কুলের ফ্যাকাল্টি কো-অর্ডিনেটর জন পল সার্জেন্ট ও সংগঠনটির সাবেক সভাপতি আবুল হোসাইন উপস্থিত ছিলেন।
ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে শাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর তৈমুর এবং আনন্দনিকেতন স্কুলের ফ্যাকাল্টিকো-অর্ডিনেটর জন পল সার্জেন্ট উপস্থিত ছিলেন।
স্পিকার্স ক্লাবের সভাপতি মহিউদ্দিন রুবেল জানান, শাবিতে এই প্রথমবারের মতো ইংরেজিতে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় আশানুরূপ সবার সাড়া পেয়েছি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা। এছাড়া এ প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১ ডিসেম্বর সংগঠনের এক যুগ পূর্তি অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হবে।








