একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবন চত্বরে নির্মিত স্মৃতিফলকের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই ফলকের উদ্বোধন করেন। এছাড়াও কলাভবনের আশাপাশে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সাক্ষী কলাভবন। এই স্থানটির সৌন্দর্য বর্ধন একটি ঐতিহাসিক উদ্যোগ। এই সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এখানে শিক্ষার্থীরা একটি মননশীল পরিবেশ পাবে। যাতে শিক্ষার্থীর ঐতিহাসিক চেতনা আরও বিকশিত হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম ও এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মৃতিফলকে মুক্তিযুদ্ধে শহীদ বিশ্ববিদ্যালয়ের ১৯৪ শিক্ষক, ছাত্র, কর্মচারী ও কর্মাকর্তাদের নামের তালিকা স্থান পেয়েছে। এছাড়াও শিক্ষকদের ছবিও স্থান পেয়েছে স্মৃতিফলকে।
প্রসঙ্গত, স্মৃতিফলক নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজের অর্থায়ন করেছে এসি আই লিমিটেড।








