জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সব বিভাগে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ পড়ানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জবি উপাচার্য ড. মীজানুর রহমান। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় জবি উপাচার্যের সভাকক্ষে জনসংযোগ, প্রচার ও প্রকাশনা দফতর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
উপাচার্য ড. মীজানুর রহমান বলেন,‘২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে সব বিভাগে সম্মান প্রথমবর্ষে সবনিম্ন ৩ ক্রেডিটের ১০০ নম্বরের কোর্সে এই বিষয়টি পড়ানো হবে। তিনি বলেন,‘বাংলাদেশে আমরাই প্রথম আনুষ্ঠানিকভাবে এই বিষয় চালু করেছি। যদিও এই কোর্সটি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অনেক আগেই চালু করা হয়েছিল। আমরা এখন বিষয়টি ঘোষণা করলাম, যাতে দেশের সব বিশ্ববিদ্যালয় এর থেকে অনুপ্রাণিত হয়।’
উপাচার্য আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনকের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে উল্টে দেওয়া হয়েছিল। যা ১৯৯৬ পর্যন্ত বলবৎ থাকে। এরপর ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত এর কিছুটা সংশোধন করা হয়। পরে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস আবার বিকৃত করা হয়।’
সংবাদ সম্মেলনে মনোবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ড.কাজী সাইফুদ্দিন বলেন, ‘আমাদের বিভাগে এই কোর্সটি চালু করেছিলাম আরও চার আগে।’
জবি জনসংযোগ,প্রচার ও প্রকাশনা পরিচালক অধ্যাপক মিল্টন বিশ্বাসের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে জবি রেজিস্ট্রার ওহিদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড.প্রিয়ব্রত পাল ও লাইফ অ্যান্ড আর্থসায়েন্সের অধ্যাপক জাকারিয়া মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।








