ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১ম আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। ‘পর্যটন বর্ষে উদযাপিত হোক পর্যটন শিল্পের জয়গান’ এই শ্লোগানকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। ‘এইস হস্পিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট’ এর সার্বিক সহযোগিতায় ‘ফেডেরেশন অব হস্পিটালিটি টুরিসম এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ এবং ‘টুরিসম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’ এই উৎসবের আয়োজন করে। আর এ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন।
২ দিনব্যাপী এই উৎসবে আফ্রিকার সুমালিয়া, জিবুতি, নাইজেরিয়া, কেনিয়া, ঘানার শিক্ষার্থী এবং বাংলাদেশের ২০টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে সহ-আয়োজক হিসেবে ছিল জাতীয় বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রস’ এবং ‘টুরিসম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অব আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ’।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড.ইউসুফ মাহবুবুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন ‘ফেডেরেশন অব হস্পিটালিটি টুরিসম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ এর উপদেষ্টা ও ‘বাংলাদেশ ডিবেট ওয়ারিয়রস’ এর মডারেটর প্রফেসর মো.মাহবুবুর রহমান।
উৎসবে মূলত বিতর্ক কর্মশালা, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, বিজ্ঞান ও বাণিজ্য মেলা, বারোয়ারী বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, পুতুল নাচ ও গুণীজন সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে প্রজেক্ট ডিসপ্লে ও গ্রুপ প্রেসেন্টেশন কম্পিটিশন এ চ্যাম্পিয়ন হয় যৌথভাবে নটরডেম কলেজ (১) ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় যৌথভাবে নটরডেম কলেজ (২)ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ভিকারুন্নেসা নুন কলেজ এবং রানার আপ হয় গৌরব অর্জন নটরডেম কলেজ। ওয়াল ম্যাগাজিন কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ (১) ও রানার আপ হয় ভিকারুন্নেসা নুন কলেজ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং রানার আপ হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। রান্নার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় যৌথভাবে এইস হস্পিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রানার আপ হয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এইস হস্পিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এবং রানার আপ হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।








