শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আগামী ৪ জানুয়ারি বৃহস্পতিবার। সম্মেলন চলবে ৬ জানুয়ারি শনিবার পর্যন্ত। ‘সমাজকর্ম ও টেকসই সমাজের উন্নয়ন’ বিষয়ক এ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ।
রবিবার (১০ ডিসেম্বর) সম্মেলনের আয়োজক কমিটির সদস্য অধ্যাপক মো. মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি আরও জানান, আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ সম্মেলন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপানসহ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট ও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করবেন।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. তুলসী কুমার দাশ এবং আয়োজক কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইসমাইল হোসাইন।
আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. ফয়সাল আহমেদ, অধ্যাপক আমিনা পারভিন, ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস। এছাড়া এ্যালামনাই প্রতিনিধি হিসেবে আছেন ড. মোহাম্মদ শামীম খান, মোহাম্মদ আজিজুল ইসলাম ও মোহাম্মদ তানভিরুল ইসলাম।








