রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গ্লোবাল ইন্টারন্যাশনাল রিলেশনস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় ডিনস ভবনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন একই বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন ভারতের সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শরিফুল ইসলাম। সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশ্ববিদ্যালয়ে যে পদ্ধতিতে পাঠদান করানো হয় তা প্রকৃতপক্ষে আন্তর্জাতিক সম্পর্ক নয়। এটি কেবল আমেরিকান এবং ইউরোপের মধ্যকার আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা যেমন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিষয়গুলোকে সংযুক্ত করতে হবে। পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাপটে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কও এতে সংযুক্ত করতে হবে। তবেই আমাদের দেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পাঠদান আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিভাগের বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।








