জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত তারিখ অনুসারে বছরের প্রথম দিন অথাৎ নববর্ষের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিতে এ আয়োজন করা হয় বলে বিভাগ থেকে জানানো হয়। সোমবার (১ জানুয়ারি) মনোবিজ্ঞান বিভাগের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স রুমে নবীন শিক্ষার্থীদের ফুলের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
এসময় বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড নুর মোহাম্মদ বলেন,‘বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হতে হবে। নিজে শিক্ষিত হয়ে সমাজের সেবা করতে হবে। এটা সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের দায়িত্ব। আমাদের জন্য রাষ্ট্র অনেক ব্যয় করে। এর প্রতিদান রাষ্ট্রের সেবা করার মাধ্যমে দিতে হবে। এক ছাত্র পড়ালেখা শেষে যখন শিক্ষক হিসেবেও কাজ শুরু করেন, এটাও রাষ্ট্রের জন্য এক ধরনের সেবা। কারণ এর মাধ্যমে নতুন নতুন মেধা বিকশিত হবে। রাষ্ট্র উন্নত হবে।’
অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। মনোবিজ্ঞানে পড়েও অনেক ভালো কিছু করা সম্ভব। দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে প্রত্যেকের মাঝে নিজের প্রচেষ্ঠা থাকতে হবে। আমরা তোমাদের দক্ষ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে যেকোন ধরনের সহযোগিতা করতে দৃঢ় সংকল্প বদ্ধ।’
বিভাগের প্রভাষক রেজেকা ফেরদৌস তানির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সহকারী অধ্যাপক ড আকরাম উজ্জামান, সহকারী অধ্যাপক শাহীন মোল্লাহ, ফারজানা আহমেদ ও কিশোর রায় প্রমুখ। এসময় নবীনদের সঙ্গে বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








