ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আগামী ৭ থেকে ১০ জানুয়ারি নাট্যোৎসরের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের ব্যবস্থাপনায় ‘কালারস অব লাইফ থিয়েটার ফেস্ট-২০১৮’ শিরোনামে তিন দিনব্যাপী চলবে এই নাট্যোৎসব।
নাট্যোৎসবের উদ্বোধন করবেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড.মো. আক্তারুজ্জামান। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাট্য সংসদের প্রথম প্রযোজনা মনোজ মিত্রের ‘কাক চরিত্র’। নাটকটি নির্দেশনা দিয়েছেন শুভ্রা গোস্বামী।
উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় মঞ্চস্থ হবে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যাণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ নাটক ‘আমিই তুমি’। নাটকটি রচনা করেছেন এহসান হাফিজ আর নির্দেশনা দিয়েছেন মেহেদী তানজীর। উৎসবের পর্দা নামবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যাণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘মিস জুলি’ দিয়ে। নাটকটি রচনা করেছেন অগাস্ট স্ট্রিনবার্গ আর নির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ আল জাবির।
নাট্য সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ বলেন, ‘আমাদের ব্যস্ততার ভিড়ে নাটক আমাদের যেমন বিনোদন দেয় তেমনি জীবনকে নিয়ে নতুনভাবে ভাবতে শেখায়। টিএসসিতে নিয়মিত নাটকের মঞ্চায়নের মাধ্যমে আবার বিশ্ববিদ্যালয়ে নাটকের সেই উন্মাদনা ফিরিয়ে আনতে চাই আমরা।’
প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নাটক শুরু হবে।








