নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টে বসন্তকালীন সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর আফতাবনগরের নিজস্ব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগ নিজ নিজ শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসব অনুষ্ঠানের মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম এবং সুযোগ সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম, কোষাধ্যক্ষ এ জেড এম শফিকুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক হিসেবে তৈরি হওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।








