‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট(সিইউএসডি) এর আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী ৯ম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ এন্ড ডিবেট চ্যাম্পিয়নশিপ। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে এই কর্মশালা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউএসডির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব খ. আলী আর রাজী। সিইউএসডির সভাপতি সানজানা হক মিফতা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে খ. আলী আর রাজী বলেন, একটি বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এবং সেটা দেখার জন্যে জানার ইচ্ছা এবং অনুশীলনই হচ্ছে বিতর্ক চর্চা। বিশ্ববিদ্যালয় শুধুমাত্র নিজেকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখার জায়গা নয়, নিজেকে বিকশিত করার জায়গা, ছড়িয়ে দেওয়ার জায়গা, যেটার জন্যে বিতর্কচর্চা একটি অন্যতম মঞ্চ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আদিবা তাহসিন রাহা। এই মাসব্যাপী ওয়ার্কশপে রাজনীতি, অর্থনীতি, নেতৃত্ব উন্নয়ন, উপস্থাপনা, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, সাইবার অপরাধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ক্লাস অনুষ্ঠিত হবে। ক্লাসগুলো নিবেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকগণ এবং বিতর্ক বিষয়ক নানা শিক্ষনীয় ক্লাস যা নিবেন দেশসেরা জাতীয় ও আন্তর্জাতিক বিতার্কিকগণ। এছাড়াও কর্মশালায় বিভিন্ন গ্রুপ এক্টিভিটি, ব্রেইন স্টর্মিং সেশন এবং গ্রুপ প্রেজেন্টেশন এর মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতার উন্নয়ন করা হয়। এই ওয়ার্কশপের শেষে থাকবে বাংলা বিতর্ক প্রতিযোগিতা এবং ইংরেজী পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। কর্মশালার শেষে কৃতকার্য শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণ করা হবে। মাসব্যাপী এই কর্মশালার সহযোগিতায় আছে রোটারি ইন্টারন্যাশনাল।








