ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাষা ও সংস্কৃতি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ‘ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড সোসাইটি অ্যা পোস্টকলোনিয়াল পার্সপেক্টিভ’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইংরেজি বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদের সঞ্চালনায় ও একই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান।
সেমিনার বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) অশোক কুমার হুই ও পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক বাইসালি হুই। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজাহান কবীর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানজিলা শহীদ সেমিনার বিষয়ক পেপার উপস্থাপন করেন।
পেপার উপস্থাপন শেষে আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।








