বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা পাওয়ার আগেই বাংলা ভাষা কোর্স চালু করা হয়েছে বলে জানিয়েছেন এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম।
সোমবার সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে আমরাই সর্বপ্রথম বাংলা ভাষার কোর্স চালু করেছি। ভাষার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। দুঃখের বিষয় এই যে, স্বাধীনতার আগে যে মানের সাহিত্যিক ছিলেনআজ স্বাধীনতার পাঁচ দশক পরেও সেই ধরনের কারো আগমন ঘটেনি। এখনও আমরা ভাষার প্রমিতরূপ সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। কাজেই আমরা ভাষার সৌন্দর্যবর্ধনে আরও সচেতন হব এবং শুধু ভাষার মাসে নয়, আমরা আমাদের মাতৃভাষাকে লালন করব সারা বছর জুড়ে।
ইউল্যাবে সংস্কৃতি সংসদের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’গান দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজন শুরু করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও প্রবন্ধ রচনা করেন করেন ইউল্যাবের শিক্ষক,কর্মকর্তা, এবং শিক্ষার্থীরা। শেষে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর উপর এক ভিডিও উপস্থাপন করা হয়।
একই দিন সকালে ইউল্যাব লাইব্রেরি আয়োজিত গ্রন্থ ও আলোক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ইউল্যাব কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য্য । ভাষা আন্দোলনের সময় অধ্যাপক রফিকুল ইসলামের তোলা ছবি নিয়েই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ,বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।








