জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রী মেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ কামরুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষতি হয়নি।’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেসের একটি কক্ষের ভেতর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। বিশ্ববিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফিরোজ ফরহাদ ছাত্রী মেসে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। নব নিযুক্ত সহকারী প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী জানান, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। অগ্নিকাণ্ডে তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি তবে ছাত্রী মেসে একটি কক্ষের বিছানা ও সিলিংয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই। ফিরোজ ফরহাদ মেস মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এর আগেও ছাত্রীমেসগুলোতে আগুন লেগেছিল এখনপর্যন্ত সেই আগুন লাগার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।








