জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাগো নিউজ২৪ ডটকমের আয়োজনে বুধবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শহীদ মিনার অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ ও অনলাইনে ভোটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। জাতিসংঘে সপ্তম দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরাও ভোট প্রদান করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহার নেতৃত্বে পদযাত্রাটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফেরদাউসুর রহমান সোহাগের সঞ্চালনায় আবৃত্তি সংগঠনের সদস্য রিফার একুশের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। পরে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা। পরে তিনি জাতিসংঘে বাংলার দাবিতে জনমত গঠনে অনলাইন ভোটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নেতা অধ্যাপক মামুনুর রহমান, অধ্যাপক মেহের আলী, অধ্যাপক শাহাদাত হোসেন আজাদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুল, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর সাজ্জাদ হোসাইন, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান টিটু, প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ছাত্রমৈত্রীর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোর্শেদ হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান এবং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা বলেন, ‘একমাত্র বাংলা ভাষারই রয়েছে রক্তাক্ত ইতিহাস। আর এ কারণেই ১৯৫২ সালের ঐতিহাসিক দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জাতিসংঘ বাংলাকে তাদের দাপ্তরিক ভাষা করলে পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান জানানো হবে।’








