ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সংগঠন তারুণ্যের পাঠাগার তৈরির লক্ষ্যে বই সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় টিএসটিসির করিডোরে এ উদ্বোধন করা হয়।
তারুণ্যের সদস্য তারেক আল সাকিবের সঞ্চালনায় ও সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, টিএসসিসির পরিচালক সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ইবিসাসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও তারুণ্য ইবি শাখার সাধারণ সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের মাধ্যমে বই সংগ্রহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। সংগ্রহ অভিযানের প্রথম দিনে প্রায় দেড়শত বই সংগ্রহ করা হয়।








