ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশের প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লয়ারস অ্যান্ড ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএলএলএসএ) এর আয়োজনে শনিবার (৭ এপ্রিল) সকাল ১১ টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আইন বিভাগের শিক্ষার্থী মুনমুন সুলতানা অন্তরা ও রুমি নোমানের যৌথ সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম,ময়মনসিংহ জজ কোর্টের সহকারী জজ নবনীতা গুহ প্রমুখ। এছাড়া আইনের শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে কথা বলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন।
বাংলাদেশ লয়ারস অ্যান্ড লস্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি মুহাম্মদ রাসেল সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএলএলএস এর উপদেষ্টা ব্যারিস্টার খালিদ হামিদ চৌধুরী।
এসময় তিনি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণের কারণ এবং এর থেকে উত্তরণ পেতে আইনি প্রতিকার সম্পর্কে বিভিন্ন নির্দেশনামূলক আলোচনা করেন।
এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন বিভাগ,আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নরত প্রায় সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।








