উনবিংশ শতাব্দীর দার্শনিক কার্ল মার্কসের জন্মের দুইশ’ বছর পূরণ হতে যাচ্ছে ৫ মে। ঐতিহাসিক দিনটিকে সামনে রেখে আগামীকাল শুক্রবার কার্ল মার্কসের দুইশত বছর উদযাপন কমিটির পক্ষ থেকে দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে।
৪ মে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ সম্মেলন কক্ষে এই সেমিনার শুরু হবে সকাল ৯টায়। প্রখ্যাত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা কামাল লোহানীর সভাপতিত্বে সারাদিন এই সম্মেলনে বক্তব্য ও আলোচনা করবেন দেশের প্রথিতযশা বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক ও তরুণ চিন্তকরা।
সকাল ৯টায় রাউল পেকের ‘দ্য ইয়ং কার্ল মার্কস’ চলচ্চিত্রটির মাধ্যমে শুরু হবে কার্যক্রম। সকাল সাড়ে ১১টায় শুরু হবে মূল অধিবেশন। এছাড়াও দুপুর দুটায় হবে প্যানেল আলোচনা। প্রথম আলোচনাটি বিধান রিবেরুর সঞ্চালোচনায় বক্তব্য রাখবেন সাখাওয়াত টিপু, তানিম নওশাদ, অদিতি হক, আজিজুল রাসেল, খালেদুর রহমান সাগর ও তাহমিদাল জামি।
বিকাল চারটায় জহিরুল ইসলাম কচির সঞ্চালনায় সর্বশেষ প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন সৈয়দ আবুল মকসুদ, আব্দুল হক, মাহবুবুল মোকাদ্দেম আকাশ, সলিমুল্লাহ খান, নুরুল কবীর ও আজফার হোসেন।








