একাডেমিক নিয়ম না মেনে নিজেদের মতো করে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। ফরম পূরণের দিন কিংবা পরের দিন পরীক্ষার তারিখ দিচ্ছে বিভাগটি।
বিভাগ সূত্রে জানা যায়, ১১তম ব্যাচের (৩য় বর্ষ) ১ম সেমিস্টারের ফরম পূরণের তারিখ ছিল ৭-৯ মে আর পরীক্ষার তারিখ ছিল ৯ মে। ফরম পূরণের দিনই পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের আবেদনের পর ৯ তারিখ পরীক্ষার সময় পরিবর্তন করে কর্তৃপক্ষ। অথচ বিশ্ববিদ্যালয় নিয়মে বলা আছে ফরম পূরণের শেষ তারিখ থেকে পরবর্তী ৭-১২ দিন পর পরীক্ষা নিতে হবে।
একই অবস্থা ১৩ তম ব্যাচের। ৬ থেকে ৮ মে ফরম পূরণের তারিখ থাকা সত্ত্বেও ফাইনাল পরীক্ষার তারিখ ৯ মে রাখা হয়েছিল। তবে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ৯ তারিখের পরীক্ষা পরে নেওয়ার কথা জানান বিভাগীয় প্রধান।
১১ ও ১৩তম ব্যাচের একাধিক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, এভাবে হঠাৎ করে পরীক্ষার এমন সময়সূচি আমাদের রেজাল্টে প্রভাব ফেলবে।
এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানু বাংলা ট্রিবিউনকে বলেন, যেখানে নিয়ম আছে সেখানে নিয়মের ব্যত্যয়ও আছে। আর বিষয়টা খুবই স্বাভাবিক। এতে শিক্ষার্থীদের রেজাল্টে কোনও ধরনের প্রভাব পড়বে না।
জবি পরিক্ষা নিয়ন্ত্রক এ কে এম আকতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এটা আইন বহির্ভূত। কেউ নিয়ম ভেঙ্গে পরীক্ষা নিলে সেটা দায়ভার তাদের।








