ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা পোষণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়ার সময় শাখা ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সিলেট অঞ্চলের সম্বনয়ক ও শাবি শাখার আহবায়ক নাসির উদ্দিনকে শাহপরাণ হলে নিয়ে যেয়ে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ শাবি শাখা।
এবিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগেরর ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, তাদের কোনও কর্মসূচিতে ছাত্রলীগ বাধা দেয়নি। তারা না আসাতে কর্মসূচি পণ্ড হয়েছে। তবে আহবায়ক নাসির উদ্দিনকে উঠিয়ে নিয়ে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, সে শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী। তাকে কোন আটকে রাখা হয়নি। তবে আটকের পর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি উল্লেখ করে শাবি শাখার যুগ্ম আহবায়ক নোমান খন্দকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালায়, তার প্রতিবাদে কেন্দ্রীয় পরিষদের দেওয়া কর্মসূচি পালন করতে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্র হতে থাকি। এক পর্যায়ে ছাত্রলীগ আমাদের অবস্থান নিতে বাধা দেয় এবং আহবায়ক নাসির উদ্দিনকে হলে নিয়ে আটকে রাখে।








