ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নদী ও জীবন: সুরক্ষা কৌশল এবং আমাদের অঙ্গীকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাতীয় নদী রক্ষা কমিশনের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
সেমিনারে আলোচক হিসেবে ছিলেন প্রক্টর ড. অধ্যাপক মাহবুবুর রহমান ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ও রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আলতাফ হোসেন রাসেল। এছাড়াও রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যাপক রবিউল ইসলাম সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন।
আলোচনায় আলতাফ হোসেন রাসেল বলেন, নদী আমাদের অঞ্চলের প্রাকৃতিক বাস্তবতা। নদী আমাদের সঙ্গে সমাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যে সুসম্পর্ক ছিলো তা আজ আর নেই। যে কারণে বাংলাদেশ এখন প্রাকৃতিক বাস্তবতার তুলনামূলক সুবিধা নিতে পারছেনা।
জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দিন বলেন, নদীর শ্রেণি পরিবর্তনের ক্ষমতা কারও নেই। আমরা স্বাধীনতার সঙ্গে নদীর স্বাধীনতার গুরুত্ব উপলব্ধি করতে পারিনি।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নদী সংশ্লিষ্ট বিষয় সমন্বয় করবে এই কমিশন। সরকার আমাদের অনেক বড় গুরু দায়িত্ব দিয়েছেন। আমাদের দরকার পলিটিকাল কমিটমেন্ট দরকার। আমাদের উত্তরাধিকারদের জন্য নদী রক্ষা করতে হবে।








