নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একমাত্র ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে নিয়মিত হালনাগাদ না হওয়ায় অপর্যাপ্ত তথ্য নিয়ে চলার অভিযোগ উঠেছে।
এদিকে হালনাগাদ ও আধুনিকায়নের অভাবে এ ওয়েবসাইট থেকে ডিজিটাল তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই। বিশ্ববিদ্যালয়ের যেকোনও খবরের নির্ভরযোগ্য সূত্র হিসেবে প্রথমেই আসে ওয়েবসাইটের কথা। কিন্তু এ কথাটি সম্পূর্ণ ভিন্ন নোবিপ্রবি ওয়েবসাইটের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়টিতে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে একটি। তাও নিয়মিত হালনাগাদ হয় না।
শিক্ষার্থীদের অভিযোগ, আপডেট না হওয়ায় প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না তারা। অনুষদ, ইনস্টিটিউট ও বিভাগের প্রয়োজনীয় তথ্য চাহিদা মাফিক পাওয়া যায় না। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থাকার পরও বিভাগগুলো তথ্য/নোটিশ জানানোর কাজ করে চিঠির মাধ্যমে।
ওয়েবসাইটিতে বিশ্ববিদ্যালয়ের দফতর, বিভাগ, রিসার্চ ইনস্টিটিউট, মসজিদ, ক্যাফেটেরিয়া, শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হল, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয় সংযোজন এবং হালনাগাদে এখনও কোনও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। ওয়েবসাইটটি ঠিক কবে নাগাদ এসব তথ্য সংযোজন এবং হালনাগাদ করা হবে সে বিষয়ে উল্লেখযোগ্য কোনও তথ্যও দেওয়া হয়নি।
এমন কী ভর্তি সংক্রান্ত কোনও তথ্য নেই ওয়েবসাইটে।
এই বিষয়ে আইসিই বিভাগের চেয়ারম্যান ড. আশিকুর রহমান বলেন, আসলে আমাদের বিভাগটি ওয়েবসাইট হালনাগাদের দায়িত্বে নেই। তবে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি খুব দ্রুত হালনাগাদ করা হোক। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কোনও ধরনের সাহায্য চাইলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।
এদিকে ওয়েবসাইটটির সার্বিক দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয় সাইবার সেন্টারের পরিচালক কৌশিক চন্দ্র হাওলাদার জানান, ওয়েবসাইটটি হালনাগাদের কাজ চলমান রয়েছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে ওয়েবসাইটটি হালনাগাদ হবে।








