ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন সড়কে অঙ্কিত হয়েছে রঙিন আল্পনা। রঙের চাদরে আবৃত্ত হচ্ছে ভবনগুলো। লাগানো হচ্ছে নতুন ফুল গাছ। চারদিকেই সৌন্দর্যবর্ধনের এমন মহড়া চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। নজরে আসছে ভর্তিচ্ছুদের সহযোগিতায় নানা ব্যানার ও পোস্টার। প্রধান ফটকে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর আর্চ ওয়ে গেট। আর এ সবই হচ্ছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে।
আগামী ৪ ও ৫ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলবে। দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য এ ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৪৮ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
রেজিস্ট্রার অফিস সূত্রেজানা গেছে, এ বছর ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি আসনের বিপরীতে লড়বে ২১ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করেছে প্রশাসন। মতবিনিময় করা হয়েছে ঝিনাইদহ ও কুষ্টিয়া দুই জেলার প্রশাসনের সঙ্গে। প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান,পুরো ক্যাম্পাসে নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে। সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ পরীক্ষায় কোনও প্রকার অসুদপায় অবলম্বন করলে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় আনা হবে।
এ বছর প্রথমবারের মত নৈব্যক্তিকের পাশাপাশি নেওয়া হবে লিখিত পরীক্ষা। দুই দিনে ৮ শিফটে ৪ ইউনিটে মোট ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক হারুন-উর রাশিদ আসকারী বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’








