আজ ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসের সাথে জড়িয়ে আছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণের নিরলস প্রচেষ্টা ও দীর্ঘদিনের আন্দোলন। আন্দোলন-সংগ্রামের পর ১৯৮৭ সালের ৪ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশিত হয়। ১৯৮৯ সালের ৯ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। ১৯৯০ সালের জুন মাসে জাতীয় সংসদে ‘খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০’ পাশ হয়, যা গেজেট আকারে প্রকাশ হয় ওই বছর ৩১ জুলাই। এরপর ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ৪টি ডিসিপ্লিনে ৮০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
১৯৯১ সালের ৩০ আগস্ট প্রথম ওরিয়েন্টেশন এবং ৩১ আগস্ট ক্লাশ শুরুর মাধ্যমে শিক্ষা কার্যক্রমের সূচনা হয়। পরে একই বছরের ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০০২ সালের ২৫ নভেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হয় প্রথম খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। এরই ধারাবাহিকতায় সেই থেকে প্রতিবছর ২৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সেশনজট, সন্ত্রাস ও রাজনীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ২৮ বছর পূর্ণ করলো।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ নভেম্বর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা, বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল, বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ মিনার চত্বর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্জ্বলন। এছাড়া ক্যাম্পাসে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকাটি ছিলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার এক বধ্যভূমি। প্রতিষ্ঠাকালের দিক থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নবম। সময়ের চাহিদা অনুযায়ী এখানে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা, চারুকলাসহ অন্যান্য বিষয়ের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েটের পরই ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে কোর্স ক্রেডিট পদ্ধতি চালু হয়। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬টি স্কুল (অনুষদ) ও ২টি ইনস্টিটিউট রয়েছে। এখানে ২৯টি ডিসিপ্লিনে (বিভাগ) শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত ব্যাচেলর ডিগ্রি, ব্যাচেলর অব অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, এম ফিল এবং পিএইচডি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সংখ্যা ৪৫০ জনেরও বেশি। ছাত্র-ছাত্রী রয়েছে প্রায় সাত হাজার। এছাড়া কর্মকর্তা রয়েছেন আড়াই শতাধিক এবং কর্মচারি রয়েছে দুই শতাধিক। শিক্ষাকার্যক্রমের গত ২৮ বছরে ২৪ টি ব্যাচে থেকে উত্তীর্ণ গ্রাজুয়েট সংখ্যা ১০ হাজারেরও বেশি। যারা দেশে-বিদেশে দক্ষতা, সুনাম ও সাফল্যেরসঙ্গে নানা পেশায় কাজ করছেন তারা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশেষ করে নবীন শিক্ষকবৃন্দ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ, অষ্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উল্লে¬খযোগ্য সংখ্যায় স্কলারশীপ পাচ্ছেন। দেশি-বিদেশি সংস্থার গবেষণা সহায়তাও বাড়ছে। শিক্ষা ও গবেষণা কর্মকাণ্ডের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কর্তৃপক্ষ বিভিন্ন বিদেশি সংস্থা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নত বিশ্বের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। প্রতিবছর আন্তর্জাতিক দাতা সংস্থার বিশেষজ্ঞগণ, দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিজ্ঞানী ও গবেষকগণ খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষরিত হয়েছে এবং আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ স্বাক্ষরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিদেশী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ সুবিধার্থে অচিরেই ইন্টারন্যাশনাল অফিস চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধীত জ্ঞান যাতে বাস্তবে কাজে লাগানো যায় এবং সেখানে শিক্ষার্থীদের হাতে কলামে প্রশিক্ষণ হয় সে জন্য বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের রাইঙ্গামারি গ্রামকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ভিলেজ হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং সেখানে কার্যক্রম শুরু হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে ৩টি অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের বাসভবন, পাঁচটি আবাসিক হল, মেডিকেল সেন্টার, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ৫টি বাসভবন, অগ্রণী ব্যাংক ভবন, ডাকঘর ও মসজিদ। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের জ্ঞান সহায়তায় রয়েছে সমৃদ্ধ কেন্দ্রীয় লাইব্রেরি ভবন ও শার্লী ইসলাম গ্রন্থাগার ভবন। এছাড়া ১৮৮ কোটি ৪০ লাখ টাকার নতুন প্রকল্পের আওতায় ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ঊর্ধ্বমুখী (৫ম ও ৬ষ্ঠ তলা) সম্প্রসারণ, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের পার্শ্বমুখী (১ম-৬ষ্ঠ তলা) ও ঊর্ধ্বমুখী (৫ম ও ৬ষ্ঠ তলা) সম্প্রসারণ, মাইকেল মধুসূদন দত্ত গেস্ট হাউজের পার্শ্ব এবং উর্ধ্বমুখী, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার ভবনে উর্ধ্ব ও পার্শ্বমুখী সম্প্রসারণের কাজ শেষ পর্যায়ে। এ প্রকল্পের আওতায় কেন্দ্রীয় মসজিদের অবশিষ্ট অংশের নির্মাণ কাজ এবং তাজউদ্দিন আহেমদ প্রশাসন ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের সুউচ্চ এবং সর্ববৃহৎ আয়তনের দশ তলা বিশিষ্ট জয়বাংলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৪২ লাখ টাকা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের অমিত সম্ভাবনা রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় দিবস প্রকৃতঅর্থে বিগত সময়ের কার্যক্রম মূল্যায়ণের দিন। আমাদেরকে অতীতের অভিজ্ঞতায় বর্তমানের প্রচেষ্টায় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও জানান, চলতি প্রায় দুইশত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে ২০২১ সালের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের অন্যমত শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রকাশ করবে।








