১৫ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন কর্তৃক স্বাক্ষরিত এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত ১৯৩ জন শিক্ষকের মধ্যে ১৯১ জনকে এ তালিকায় রাখা হয়েছে। এ বছর নতুন করে ১৩ জন শিক্ষক যুক্ত হয়েছেন ভোটার তালিকায়, তবে এই তালিকায় স্থান পাননি গত ২০ ডিসেম্বর শিক্ষক সমিতি কর্তৃক আনা চেক জালিয়াতির অভিযোগে সমিতির সদস্যপদ স্থগিত হওয়া দুজন শিক্ষক। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া দুজন শিক্ষক হলেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা উপদেষ্টা ড. দুলাল চন্দ্র নন্দী।
ভোটার তালিকায় দুজনের নাম না আসার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাহী কমিশনার অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ জানান, ‘শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সদস্যপদ স্থগিত রয়েছে। তাই ভোটার তালিকায় তাদের নাম যুক্ত করা যায়নি।’
এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে এখন প্রধান আলোচ্য বিষয় শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পদ প্রত্যাশীরা নিজেদের প্যানেল গোছানো শুরু করেছেন। ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল- নীল দল’-ই এখন পর্যন্ত নির্বাচনী আমেজে উজ্জীবিত আছে। সেই তুলনায় ‘স্বাধীনতা, ঐতিহ্য ও জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক প্যানেল-সাদা দল’ এর কার্যক্রম চোখে পড়ার মতো নয়। নির্বাচন অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। আশা করি, ঘোষিত তফসিল অনুযায়ী সবকিছু যথাযথভাবেই সম্পন্ন হবে।’
ভোটের আগের দিনও যথানিয়মে যদি কোনও শিক্ষক সমিতির বাইরে থাকেন তবে সমিতির সদস্য হয়ে ভোট প্রদানের সুযোগ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন সংক্রান্ত যেকোনও বিষয়ে নির্বাচন কমিশন কার্যালয় (অর্থনীতি বিভাগ) থেকে জানা যাবে।








